× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও আগুন

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৬ আগস্ট ২০২৬, ০৩:৩৫ এএম । আপডেটঃ ০৬ আগস্ট ২০২৬, ০৩:৩৬ এএম

মাগুরা শহরের কেশব মোড়ে সাকিব আল হাসানের বাসভবনে হামলা ও ইটপাটকেল ছুড়েছে। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইন অনুষ্ঠানে যুক্ত হওয়ার পর মাগুরা শহরের কেশব মোড় এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বাড়িটিতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং মূল ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বৈষম্যবিরোধী আন্দোলনের পর গঠিত হত্যা মামলার আসামি সাকিবের বাড়িতে এ হামলায় জানালার কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে শ্রীলঙ্কা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন সাকিব আল হাসান। এর পরপরই মাগুরা শহরের কেশব মোড়ে অবস্থিত সাকিবের বহুতল বাসভবনে হামলার এ ঘটনা ঘটে।

হামলার সময় বাড়িতে সাকিবের এক অসুস্থ নিকটাত্মীয় অবস্থান করছিলেন। হামলায় বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার ঘটনার পাশাপাশি বিকট বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়।

ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাকিবের বাড়ির আশেপাশে দুটি পুলিশের টহল ভ্যান অবস্থান নেয়।

হামলার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। এতে কেউ হতাহত হননি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়ির লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।”

উল্লেখ্য, ২০২৪ সালে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা মামলার ১৫৬ জন আসামির তালিকায় ২৮ নম্বরে নাম রয়েছে এই তারকা ক্রিকেটারের। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাগুরা শহরের সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি জোরদার করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.