× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জ তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৫ আগস্ট ২০২৬, ১৮:১১ পিএম । আপডেটঃ ০৫ আগস্ট ২০২৬, ১৯:৩১ পিএম

তুলারাম কলেজের অডিটোরিয়াম প্রাঙ্গণে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় হাতে লাঠিসোঁটা নিয়ে ধেয়ে আসতে দেখা যায় কয়েকজনকে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে বিএনপি ও সরকারের শীর্ষ নেতৃত্বকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করায় ও নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত ঘটে। বাকবিতণ্ডার একপর্যায়ে দুপুর ১২টার দিকে উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে এবং তা পুরো কলেজ প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তোলা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম বলেন, "আলোচনা সভায় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আমাদের দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে কটূক্তি করেন। এর প্রতিবাদ জানালে তাঁরা পরিকল্পিতভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর চড়াও হন এবং পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আগে থেকে প্রস্তুত থাকা ৩-৪ শত শিবির কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।" এই ঘটনায় ছাত্রদলের তুহিন, জাকারিয়া, সাব্বির, অনিক ও সীমান্তসহ ৮-১০ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে শিবিরের পক্ষ থেকে পাল্টা হামলার অভিযোগ এনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, "অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তোলারাম কলেজ শিবিরের সাধারণ সম্পাদক তামিম ইকবাল ও অর্থ সম্পাদক তানভীর আহম্মেদের ওপর অতর্কিত হামলা চালান। পরবর্তীতে চাষাঢ়া এলাকায় কলেজ সভাপতি এমদাদুল হকের ওপর হামলা চালানো হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে।"

ভিডিও চিত্রে দেখা যায়, কলেজের অডিটোরিয়ামে বক্তব্য প্রদানকালে তোলারাম কলেজ ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হক বলেন, "জুলাই আন্দোলনের দুই বছর অতিবাহিত হলেও অনেক কিছু এখনো বাস্তবায়িত হয়নি। জুলাইয়ের অগ্রপথিকদের ওপর যে হামলা চালানো হচ্ছে, তা বর্তমান সরকারের 'আই হ্যাভ এ প্ল্যান'-এর অংশ কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।" মূলত তাঁর এই বক্তব্যের পর থেকেই অডিটোরিয়ামে হট্টগোল শুরু হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, "ছাত্রদল ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

ঘটনার পর ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে নারায়ণগঞ্জ শহরে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। বর্তমানে কলেজ প্রাঙ্গণে চরম থমথমে অবস্থা বিরাজ করছে এবং ক্যাম্পাসে স্বাভাবিক শৃঙ্খলা ফেরাতে প্রশাসন তৎপর রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.