× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে বাজবে না হর্ন

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

৩১ জুলাই ২০২৬, ০২:২৫ এএম । আপডেটঃ ৩১ জুলাই ২০২৬, ০২:২৬ এএম

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিসি নূরুল করিম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় অনন্য নজির স্থাপন করেছে গাজীপুর জেলা প্রশাসন। শব্দদূষণ নিয়ন্ত্রণ ও শান্ত-বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে জেলার সমস্ত সরকারি যানবাহনে অহেতুক হর্ন বাজানো পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন থেকে জরুরি পরিস্থিতি ছাড়া সরকারি কোনো কর্মকর্তা বা সেবামূলক কাজে নিয়োজিত গাড়িতে হর্ন বাজানো যাবে না।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের ‘ভাওয়াল’ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক (ডিসি) নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য রক্ষায় সরকারি যানবাহন থেকে উদাহরণ সৃষ্টির লক্ষ্যেই জেলা প্রশাসনের এই অগ্রণী পদক্ষেপ।

জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমানে গাজীপুরে প্রায় দুই হাজার সরকারি গাড়ি বিভিন্ন দপ্তর ও সেবামূলক কাজে ব্যবহৃত হচ্ছে। প্রথম ধাপে এসব সরকারি যানবাহনকে হর্নমুক্ত রাখার মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হলো। পর্যায়ক্রমে আগামী ১২ সপ্তাহের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে পুরো গাজীপুর নগরীকে হর্নমুক্ত ব্যবস্থার আওতায় আনা হবে।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া সভায় বলেন, "হর্ন না বাজিয়ে নিরাপদে গাড়ি চালানো সম্ভব কি না, তা যাচাই করতে আমি নিজেই আমার সরকারি গাড়ি নিয়ে গাজীপুরের বিভিন্ন সড়ক এবং ঢাকায় টানা ৩০ কিলোমিটার পথ অতিক্রম করেছি। বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, এই যাত্রাপথে কোনো ধরনের সমস্যা বা দুর্ঘটনার মুখোমুখি হতে হয়নি।"

জেলা প্রশাসক আরও জানান, অহেতুক হর্ন বন্ধের এই বিশেষ পরিকল্পনাটি ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে ও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে এবং তিনি এ বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন। সিদ্ধান্ত বাস্তবায়ন সহজতর করতে অত্যন্ত জরুরি মুহূর্তে কখন ও কোথায় হর্ন ব্যবহার করা যাবে, তার একটি নির্দেশিকা তৈরি করে দ্রুতই সব সরকারি দপ্তরে পৌঁছে দেওয়া হবে।

সভায় উপস্থিত কর্মকর্তারা জেলা প্রশাসকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্বতঃস্ফূর্তভাবে অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সেখানে বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে হর্নমুক্ত গাজীপুর গড়ার সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্যমতে, দীর্ঘ সময় ৭০ ডেসিবেলের বেশি শব্দে অবস্থান করলে মানুষের শ্রবণশক্তির স্থায়ী ক্ষতি হতে পারে। অনাকাঙ্ক্ষিত উচ্চশব্দ মানুষের উচ্চ রক্তচাপ, হৃদরোগ, তীব্র অনিদ্রা ও মানসিক অস্থিরতা বাড়ানোর পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে মারাত্মক বাধা সৃষ্টি করে। মূলত এই সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সমন্বিত এই উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.