রাজধানীর বায়তুল মোকাররম লিংক রোড এলাকায় ডিএমপির অভিযানে উদ্ধার হওয়া সুইচ গিয়ার, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ক্ষতিকর সরঞ্জাম। ছবি: সংগৃহীত
রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ পরিচালিত এক বিশেষ অভিযানে ৪৬৪টি বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্র ও ক্ষতিকর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর পল্টন থানাধীন বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) যৌথ পরিচালনায় এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে এসব অস্ত্র ও সরঞ্জাম বিক্রির দায়ে তিন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও এলাকাটি ঘিরে ফেলে অপরাধীদের আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বড় ধারালো চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল অস্ত্র সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।
-6a6b853e6388d.jpg)
অভিযান ও সার্বিক নিরাপত্তার তথ্য নিশ্চিত করে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন উর রশিদ ন্যাশনাল ট্রিবিউনকে জানান, "ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাইসহ নানা ধরনের সংঘাতমূলক অপরাধে অবৈধ ও ধারালো অস্ত্রের ব্যবহার বন্ধ করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে বায়তুল মোকাররম লিংক রোডে খোলাবাজারে এসব অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার এবং তিন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।"
গ্রেপ্তারকৃত তিন বিক্রেতা হলেন—কুমিল্লার নাঙ্গলকোটের বাসুদাই গ্রামের রবিউল ইসলাম (৪০), একই এলাকার মো. আজাদ (৩০) এবং চাঁদপুরের ফরিদগঞ্জের সাহেবগঞ্জ গ্রামের মো. রাজন (৩৪)। তারা বর্তমানে ঢাকার পল্টন, মতিঝিল ও ডেমরা এলাকায় অবস্থান করে বায়তুল মোকাররমের মতো জনবহুল এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীতে সাধারণ মানুষের নিরাপত্তা সুসংহত রাখতে এবং অপরাধীদের অস্ত্রের জোগান বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
