× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুরে টিসিবির লাইনে কলেজের দেয়াল ধসে দুইজনের মৃত্যু, আহত ৬

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৬ পিএম । আপডেটঃ ২৮ জুলাই ২০২৬, ২০:১৩ পিএম

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কেনার লাইনে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পুরনো সীমানা প্রাচীর ধসে পড়ার পর উদ্ধারকাজ চালান ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সুলভ মূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা নিম্নবিত্ত মানুষের ওপর একটি পুরনো সীমানা প্রাচীর ধসে পড়ে নারীসহ অন্তত ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২৬ মিনিটে মিরপুর ১ নম্বরের ‘লাভ রোড’ এলাকায় অবস্থিত মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের ১০ থেকে ১২ ফুট উঁচু সীমানা প্রাচীরটি হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও টিসিবির ট্রাক থেকে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার উদ্দেশ্যে লাভ রোড সংলগ্ন রাস্তার পাশে বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। প্রখর রোদের মধ্যে শত শত মানুষের ভিড়ে আচমকা জীর্ণ প্রাচীরটি লাইনে থাকা ক্রেতাদের ওপর হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে মুহূর্তের মধ্যে প্রাচীরের ভারী ইটের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন।

ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনতা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “হঠাৎ বিকট শব্দ হলে কাছেই থাকা আমাদের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আমরা দ্রুত ইটের স্তূপের নিচে চাপা পড়া আটজনকে উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠাই।”

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম নাসিমা বেগম। তিনি স্থানীয় জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। তাকে গুরুতর আহত অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্য ব্যক্তিদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাচীর ধসের প্রাথমিক কারণ হিসেবে স্থাপনাটির জরাজীর্ণ অবস্থাকেই দায়ী করছে পুলিশ ও স্থানীয়রা। কলেজের সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ উঠেছে।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, “ওই দেওয়ালটি অনেক পুরনো ছিল। এটার উচ্চতাও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি—প্রায় ১০ থেকে ১২ ফিট। দীর্ঘদিনের জীর্ণতার কারণেই হয়তো হঠাৎ ধসে পড়েছে।”

এ মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সরকারি-বেসরকারি অবকাঠামোর তদারকি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.