× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল, শুরু হচ্ছে চিকিৎসাসেবা

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৭ জুলাই ২০২৬, ২০:৫৭ পিএম । আপডেটঃ ২৭ জুলাই ২০২৬, ২২:০৭ পিএম

ছয় নবজাতকের মৃত্যুর পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের দীর্ঘ দেড় মাস পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের শর্তসাপেক্ষ অনুমোদনে আবারও সচল হচ্ছে হাসপাতালটির চিকিৎসাসেবা। ফাইল ছবি

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স পুনর্বহাল করে পুনরায় চিকিৎসাসেবা চালুর অনুমোদন দিয়েছে সরকার। গত ২৭ মে বিশেষায়িত এই হাসপাতালে একযোগে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সৃষ্ট তীব্র বিতর্ক ও চরম অবহেলার অভিযোগের মুখে হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন গঠিত তদন্ত কমিটির সন্তোষজনক প্রতিবেদনের ভিত্তিতে তিনটি সুনির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আজ সোমবার লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আজ এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিলকৃত আপিলের ভিত্তিতে গঠিত তদন্ত টিমকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই পরিদর্শনের পর জমা দেওয়া সার্বিক তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় চিকিৎসাসেবা সচল রাখার সুবিধার্থে পূর্বের বাতিলের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পুনরায় সেবা চালু করতে হাসপাতালটিকে তিনটি আইনি ও প্রশাসনিক শর্ত কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ মেনে চলা, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয়সংখ্যক ডিউটি ডাক্তার ও দক্ষ নার্স নিয়োগ সম্পন্ন করা এবং লাইসেন্সের যেকোনো শর্ত ভঙ্গ হলে কর্তৃপক্ষের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের বিধান রাখা।

স্বাস্থ্যসেবা বিভাগ সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, "ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সরেজমিন প্রতিবেদন বিশ্লেষণ করেই লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি শর্ত কঠোরভাবে প্রতিপালন করতে হবে; শর্ত ভঙ্গ হলে যেকোনো সময় আইনি পদক্ষেপ নেওয়া হবে।"

উল্লেখ্য, মগবাজারের ঐতিহ্যবাহী এই হাসপাতালে এক রাতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। পরবর্তীতে ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর তাৎক্ষণিকভাবে আদ্-দ্বীন হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা লাইসেন্স বাতিলের আদেশ জারি করে।

দীর্ঘ দেড় মাস ধরে হাসপাতালের মূল কার্যক্রম বন্ধ থাকায় সেখানে চিকিৎসা নিতে আসা হাজারও সাধারণ ও নিম্নবিত্ত রোগী ভোগান্তির শিকার হন। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে হাসপাতালটিতে স্বাভাবিক চিকিৎসাসেবা ফের চালুর পথ সুগম হলেও, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি যাতে আর না ঘটে, সে বিষয়ে কঠোর মনিটরিং নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.