সোমবার খিলগাঁও চৌধুরীপাড়ায় ট্রাস্টের সম্পত্তি রক্ষা ও মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নিয়েছে এতিমখানার কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় অবস্থিত ফজলুর রহমান ফজিলাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্টের অধীনস্থ নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্পত্তি রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে ট্রাস্ট পরিচালনা কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদ্রাসাটির শতাধিক এতিম শিক্ষার্থী, শিক্ষক, ট্রাস্টের দায়িত্বশীল সদস্য এবং স্থানীয় এলাকাবাসী একাত্মতা প্রকাশ করে অংশ নেন। মানববন্ধনে বক্তারা মহামান্য হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন এবং এতিমদের সম্পত্তি জবরদখলের অপচেষ্টা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা জানান, প্রয়াত ফজলুর রহমান ও ফজিলাতুন্নেসা দম্পতি তাঁদের জীবদ্দশায় ধর্মীয় ও মানবিক সেবার উদ্দেশ্যে ফজলুর রহমান ফজিলাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেন। পরবর্তীতে তাঁরা নিজেদের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি এই ট্রাস্টের নামে উইল করে যান।
বর্তমানে এই ট্রাস্টের অধীনে একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, একটি জামে মসজিদ, একটি বৃহৎ কবরস্থান এবং একটি দাতব্য চিকিৎসালয় পরিচালিত হয়ে আসছে। যেখানে শতাধিক সুবিধা বঞ্চিত, অসহায় ও অনাথ শিশু সম্পূর্ণ বিনামূল্যে আবাসন, আহার ও ধর্মীয় শিক্ষার সুবিধা পাচ্ছে।
সমাবেশে ট্রাস্টের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। গত ৩১ আগস্ট ২০২৩ তারিখে মহামান্য হাইকোর্ট সংশ্লিষ্ট এক রিট পিটিশনের রায়ে ট্রাস্টের অনুকূলে সম্পত্তির মালিকানা স্পষ্ট ও বহাল রাখার নির্দেশ প্রদান করেন।
আইনি রায় থাকার পরও একটি স্বার্থান্বেষী চক্র অবৈধভাবে ট্রাস্টের মূল্যবান সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের আদেশকে তোয়াক্কা না করে এতিমদের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার এই ষড়যন্ত্র কেবল আইনের চরম লঙ্ঘনই নয়। বরং তা চরম মানবিক মূল্যবোধহীন কাজ।
মানববন্ধন থেকে এতিম শিশু ও স্থানীয় বাসিন্দারা ট্রাস্টের সম্পত্তির সুরক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। স্থানীয় এক বক্তা বলেন,"এই সম্পত্তি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠীর নয়। এটি নিরাশ্রয় এতিম শিশুদের ভবিষ্যৎ, তাদের শিক্ষা এবং সর্বসাধারণের মানবিক সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এতিমদের আমানতে আঘাত হানার চক্রান্ত কোনোভাবেই সহ্য করা হবে না।"
কর্মসূচি থেকে হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করা, জবরদখলকারীদের হাত থেকে ট্রাস্টের সম্পত্তি সুরক্ষিত রাখা এবং জমি দখলের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
