টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং প্রশ্ন ভুলের প্রতিবাদে ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি ও নজিরবিহীন জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া এবং এইচএসসি পরীক্ষায় ভুল ও কঠিন প্রশ্ন করার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণ দাবি করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ব্যস্ততম সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজসহ ১৫টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। একই দাবিতে আজ বগুড়ার জেলা প্রশাসক কার্যালয় চত্বরেও বিক্ষোভ-সমাবেশ ও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে পরীক্ষার্থীরা।
আজ দুপুরের এই অবরোধের কারণে মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা কলেজের সামনে এবং আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে অগ্রসর হলে দুপুর সাড়ে ১২টার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা 'দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ', 'তুমি কে আমি কে, ফার্মের মুরগি' এবং 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম'সহ বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। শিক্ষার্থীদের অভিযোগ। গতকালের বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি এবং অনেকের প্রবেশপত্র ভিজে নষ্ট হয়ে গেছে।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, "পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই ভুল করা হয়েছে। বাকি ছয়টি প্রশ্ন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো অত্যন্ত কঠিন। এখন আমরা যদি ফেল করি, তবে তার দায়ভার কি শিক্ষামন্ত্রী নেবেন? অবশ্যই নেবেন না।"
ঢাকা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, "বৈরী আবহাওয়ার ভেতরে পরীক্ষা নেওয়ার কারণে আমাদের অনেক সহপাঠী অংশই নিতে পারেনি। অনেকে কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। যিনি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় শিক্ষার্থীদের ন্যূনতম দুর্দশার কথা বিবেচনা করতে পারেন না, আমরা তাঁর তাৎক্ষণিক পদত্যাগ চাই।"
এদিকে, ঢাকার বাইরে বগুড়ার সাতমাথা এলাকা থেকে বেলা ১১টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখান থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে সারা দেশে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একের পর এক পরীক্ষা নিয়ে জটিলতা এবং সারা দেশে ছড়িয়ে পড়া এই ছাত্র বিক্ষোভের ফলে চলমান এইচএসসি পরীক্ষা সময়সূচি ও ওলটপালট হওয়া প্রশ্নপদ্ধতি বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
