টানা ভারী বর্ষণে মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিকল্প হিসেবে ভ্যানে করে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: সংগৃহীত
টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের রোববারের পরীক্ষা স্থগিতের পর এবার আগামীকাল শনিবারের আলিম এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে চট্টগ্রাম সাধারণ শিক্ষা বোর্ডের অধীন সব বিষয়ের পরীক্ষাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
শুক্রবার (১১ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্থগিতাদেশটি শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জন্য প্রযোজ্য হবে। তবে মাদ্রাসা, কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ডের অধীন দেশের অন্যান্য সব জেলার পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, "বৈরী আবহাওয়া এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা ও যাতায়াতের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা আগামীকাল শনিবারের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।"
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হওয়া অতি ভারী বর্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে গত ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়। ৫ জুলাই থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই অঞ্চলে মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার ফলে প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক পানিতে তলিয়ে গেছে।
টানা বৃষ্টি ও উজানের পানির তোড়ে চট্টগ্রাম মহানগরীসহ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া এবং পার্বত্য জেলাগুলোর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি পাহাড়ধসের মতো প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যে এই অঞ্চলে ২৯ জনের মৃত্যু হয়েছে।
প্রশাসন জানিয়েছে, বৃষ্টিপাত কমলে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা গ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত প্লাবিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি উপদ্রুত এলাকার শিক্ষার্থীদের বিশেষ নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
