নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের প্ল্যাটফর্মে দুই যুগ ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা নিহত বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। ফাইল ছবি
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০) নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমন্ত ওই বৃদ্ধাকে মারধর করে তাঁর দুই যুগের জমানো টাকা লুটের তিন দিন পর গত মঙ্গলবার রাতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হৃদয়বিদারক এই হত্যাকাণ্ডটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তোলার পর আসামিদের চিহ্নিত করতে তৎপর হয় প্রশাসন। ভৈরব রেলওয়ে থানা পুলিশ, নরসিংদীর র্যাব–১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই যৌথ অভিযান পরিচালনা করে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, "গ্রেপ্তার পাঁচজন হলেন সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)। তাঁদের মধ্যে দুজনকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং বাকি তিনজনকে মেথিকান্দা স্টেশনের আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।"
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে এই মেথিকান্দা স্টেশনে নেমেছিলেন গৃহহীন ববি বেগম। এরপর থেকে স্টেশনের পরিত্যক্ত কক্ষেই ছিল তাঁর বসবাস। বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া ও শৌচাগার পরিষ্কারের কাজ করা এই বৃদ্ধাকে স্টেশনের চেনা-অচেনা মানুষ যে ৫-১০ টাকা সাহায্য করতেন, তা-ই তিনি জমিয়েছিলেন দুই দশক ধরে।
গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত তাঁর কক্ষে ঢুকে সেই জমানো টাকা দাবি করে। অসহায় বাক্প্রতিবন্ধী বৃদ্ধা টাকা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা তাঁর চোখ, মুখ ও সারা শরীরে উপর্যুপরি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে এবং টাকা লুট করে পালিয়ে যায়।
গুরুতর আহত ববি বেগম গত মঙ্গলবার রাতে তীব্র অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়। গত বুধবার ময়নাতদন্ত শেষে রাতে মেথিকান্দা স্টেশনের চত্বরেই তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং স্টেশনসংলগ্ন সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
হত্যাকাণ্ডের শিকার এই সহায়সম্বলহীন বৃদ্ধার মৃত্যুর পর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই নির্মম লুণ্ঠন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক ও দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
