× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪ দিন ধরে বিদ্যুৎহীন জাপান গার্ডেন সিটির ৭ ভবন, দুর্ভোগে হাজারো বাসিন্দা

১০ জুলাই ২০২৬, ১৯:২৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে চার দিন ধরে বিদ্যুৎ ও পানি না থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ বাসিন্দারা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বহুতল আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে গত চার দিন ধরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। গত মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আবাসিক এলাকার নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) কারিগরি ত্রুটি দেখা দিলে পুরো আবাসনটি বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার রাতে ডিপিডিসির সহায়তায় ১৯টি ভবনে সংযোগ সচল করা সম্ভব হলেও অভ্যন্তরীণ লাইনের জটিলতার কারণে আজ শুক্রবার পর্যন্ত বাকি ৭টি ভবনের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি।

টানা বিদ্যুৎ ও পানি না থাকায় রান্নাবান্না, গোসলসহ দৈনন্দিন কাজে স্থবিরতা নেমে এসেছে। প্রচণ্ড গরমে অবরুদ্ধ হয়ে অনেক শিশু ও প্রবীণ বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। যার ফলে বেশ কিছু পরিবার সাময়িকভাবে ফ্ল্যাট ছেড়ে আত্মীয়-স্বজনের বাসায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে ২০ নম্বর ভবনের বাসিন্দা মাসুম খন্দকার বলেন, "ফ্রিজের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। বেশ কিছু জিনিস আশপাশের নিকটাত্মীয়দের বাসায় পাঠিয়েছি। তবে এভাবে বসবাস করা খুব অসহনীয়। একটা আধুনিক আবাসন এলাকায় এমন সমস্যা চার দিন ধরে চলা অস্বাভাবিক।"

আবাসিক এলাকার মোট ২৬টি ভবনের মধ্যে ১৯টি সচল হলেও বাকি ৭টি ভবনের বাসিন্দাদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে, যা মাঝেমধ্যে বন্ধ থাকায় লিফট ও পানির পাম্প পুরোপুরি অচল হয়ে পড়ছে। ক্ষুব্ধ বাসিন্দারা কমার্শিয়াল রেটে বিদ্যুৎ বিল দেওয়ার পরও এই চরম অব্যবস্থাপনার জন্য জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট ওনার্স কল্যাণ সমিতির অযোগ্যতাকে দায়ী করছেন।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী প্রকৌশলী আয়াতুল্লাহ ইমরান আলী জানান, "জাপান গার্ডেন সিটি ডিপিডিসির ৩৩ কেভি পর্যায়ের গ্রাহক এবং মঙ্গলবার থেকে তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তাদের উপকেন্দ্র সচলের চেষ্টা ব্যর্থ হলে বাসিন্দাদের অনুরোধে ডিপিডিসি নিজ উদ্যোগে কাজ করে গত রাত ১১টায় মূল সংযোগ সচল করে। তবে কয়েকটি ভবনের ভেতরে নিজস্ব ত্রুটি থাকায় সেগুলো এখনো চালু করা যায়নি।"

এদিকে দীর্ঘস্থায়ী এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে আবাসনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, "বিভিন্ন কারিগরি জটিলতার কারণে সমস্যাটা দীর্ঘ হয়েছে। বিদ্যুৎ আসার পরে কয়েকটি ভবনের অভ্যন্তরীণ লাইনে আবারও ত্রুটি দেখা দেয়। আমরা আশা করছি, এ ধরনের সমস্যা পরে আর হবে না। দ্রুততম সময়ে ত্রুটি সংশোধনের পাশাপাশি একটি স্থায়ী কারিগরি টিম গঠনের কাজ চলছে।"

কারিগরি দলগুলো অবরুদ্ধ ভবনগুলোর অভ্যন্তরীণ ফল্ট চিহ্নিত করে দ্রুত মেরামত না করা পর্যন্ত এই আংশিক ব্ল্যাকআউট এবং তীব্র পানি সংকট বজায় থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.