× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরের ৯ বিদ্যুৎ উপকেন্দ্রের সক্ষমতা বাড়াচ্ছে সরকার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ জুলাই ২০২৬, ০১:৫৪ এএম । আপডেটঃ ০৯ জুলাই ২০২৬, ০২:৫৬ এএম

দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে আধুনিক ও গ্রাহকবান্ধব করতে রংপুরের ৯টি সাব-স্টেশনের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে নেসকো। ফাইল ছবি

দেশের উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রংপুর অঞ্চলের ৯টি বিদ্যুৎ উপকেন্দ্রের (সাব-স্টেশন) সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই উপকেন্দ্রগুলোর আধুনিকীকরণ, নকশা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ ও পরীক্ষার জন্য যাবতীয় সরঞ্জাম ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রশাসনিক ও কারিগরি অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মর্ডানাইজেশন’ প্রকল্পের অধীনে এই কেনাকাটার প্রস্তাবে সায় দিয়েছে কমিটি। এই উদ্যোগের ফলে রংপুর বিভাগের গ্রাহকদের দীর্ঘদিনের লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

নেসকো মূলত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি সহযোগী প্রতিষ্ঠান। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার ৩৯টি উপজেলা ও শহরাঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত রয়েছে। নতুন এই প্রকল্পের আওতায় মূলত রংপুর অঞ্চলের ৯টি ৩৩/১১ কেভি সাব-স্টেশনকে সম্পূর্ণ আধুনিক রূপ দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই আধুনিকীকরণ মেগা প্রকল্পটি অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির চলতি বৈঠকে এই প্রকল্পের অধীনেই রংপুর অঞ্চলের জন্য সুনির্দিষ্ট প্যাকেজ ক্রয়ের সবুজ সংকেত দেওয়া হলো।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে যুগোপযোগী করতে নকশা, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, প্যানেল বসানো এবং পরীক্ষার জন্য যাবতীয় কারিগরি সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই সাব-স্টেশনগুলো আধুনিকায়নের ফলে বিদ্যুৎ অপচয় বা সিস্টেম লস উল্লেখযোগ্য হারে কমবে।"

এদিনের বৈঠকে বিদ্যুৎ খাতের এই বড় বরাদ্দের পাশাপাশি স্থানীয় অবকাঠামো উন্নয়নেও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রয় কমিটির একই সভায় পঞ্চগড় জেলার বোদা উপজেলায় একটি নতুন সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের প্রস্তাবেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরাঞ্চলের শিল্পায়ন এবং কৃষিনির্ভর অর্থনীতির গতি সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি বড় শর্ত। সরকারের এই সময়োপযোগী আধুনিকীকরণ প্রকল্প বাস্তবায়িত হলে তা স্থানীয় উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.