× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভবঘুরে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ জুলাই ২০২৬, ২০:৫৫ পিএম । আপডেটঃ ০৪ জুলাই ২০২৬, ২০:৫৬ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে একটি বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। বিদেশফেরত প্রবাসী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিমানবন্দরের প্রবেশপথগুলোর শৃঙ্খলা বজায় রাখতে বিমানবন্দর থানা পুলিশ এই বিশেষ অভিযান চালায়।

শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জনসহ সর্বমোট ৮২ জনকে আটক করা হয়। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বিমানবন্দরের গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের মূল প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি রোডসহ সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকায় ভবঘুরে ও মাদকাসক্তদের কারণে প্রবাসীরা নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছিলেন বলে অভিযোগ ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রাষ্ট্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই এলাকায় কোনো অবস্থাতেই অপরাধমূলক পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর ও এর আশপাশে পুলিশের বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অভিযানে বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্ক শিশু আটক হওয়ায় তাদের পুনর্বাসন ও আইনি সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

বিমানবন্দর থানা কর্তৃপক্ষ জানায়, “আটককৃত শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও পুনর্বাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তারা আরও জানায়, এই নিয়মিত ও কঠোর অভিযানের ফলে বিমানবন্দর এলাকায় যাত্রী হয়রানি উল্লেখযোগ্য হারে কমে আসবে। তবে এই শৃঙ্খলা দীর্ঘমেয়াদে ধরে রাখতে শুধু সাময়িক অভিযানই নয়। বরং আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর স্থায়ী নজরদারি এবং মাদকাসক্ত পথশিশুদের স্থায়ী পুনর্বাসনের ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.