× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে আদ্-দ্বীন হাসপাতাল’: স্বাস্থ্যমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ জুন ২০২৬, ২২:২৬ পিএম । আপডেটঃ ১৩ জুন ২০২৬, ২২:৩৩ পিএম

নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিপুল অঙ্কের অর্থের প্রলোভন দেখালেও তিনি নীতিতে অটল ছিলেন।

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “লাইসেন্স বাতিলের প্রক্রিয়া ঠেকাতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। কিন্তু আল্লাহর রহমতে এবং জনগণের দোয়ায় টাকার প্রতি আমার কোনো লোভ নেই। প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, নিয়মের মধ্যে আমি যে পদক্ষেপই নেব, তাতে ওনার পূর্ণ সমর্থন থাকবে। ফলে ছয়টি শিশুর মৃত্যুর দায়ে আমি হাসপাতালটির লাইসেন্স বাতিল করে দিয়েছি।”

তিনি বলেন, “জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে এই সিদ্ধান্ত নাকি বে-ইনসাফ হয়েছে। তারা (আদ্-দ্বীন হাসপাতাল) কম খরচের নামে মানুষকে বোকা বানায়। ছয়টি বাচ্চাকে মেরে ফেলার পরও জামায়াত তাদের পক্ষে কথা বলছে। তারা যা-ই বলুক না কেন, আমি আমার সিদ্ধান্তে অনড়। প্রাইভেট হাসপাতালগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধে এই একটি শাস্তি সারা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

সাখাওয়াত হোসেন বলেন, “বর্তমান সরকার সম্পূর্ণ ব্যতিক্রমী এবং জনবান্ধব। আমরা দলমত-নির্বিশেষে প্রতিটি নাগরিকের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই। এখন সরকারি হাসপাতালে বা যেকোনো সুবিধা পেতে কাউকে কোনো ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ—সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।”

মন্ত্রী বলেন, “আমরা একটি নতুন পাইলটিং স্কিম চালু করতে যাচ্ছি। এর অধীনে স্বাস্থ্যকর্মীরা সরাসরি প্রতিটি ঘরে ঘরে যাবেন। তারা মাঠপর্যায়ে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং কেবল গুরুতর প্রয়োজন হলেই রোগীকে হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করবেন। এর ফলে দেশের সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজ হবে।”

মন্ত্রী আরও জানান, দেশে দ্রুতই ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি সর্বাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতাল দুটিতে মূলত শিশু ও নারীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

মনোহরদী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে আর্থিক অনুদান বিতরণের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার (দোলন), মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং পৌর বিএনপির সদস্যসচিব আবদুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.