× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুন্সিগঞ্জে ‘প্রথম আলো’-র ফটোসাংবাদিককে কুপিয়ে জখম, মূল অভিযুক্ত বিএনপি নেতা আটক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জুন ২০২৬, ২৩:৫২ পিএম । আপডেটঃ ০২ জুন ২০২৬, ২৩:৫৪ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্থানীয় রাজনৈতিক নেতাদের হামলায় গুরুতর আহত দৈনিক ‘প্রথম আলো’-র ফটোসাংবাদিক কবির হোসেনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দৈনিক ‘প্রথম আলো’-র ফিচার বিভাগের প্রধান ফটোসাংবাদিক কবির হোসেন ও তাঁর ছোট ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় প্রভাবশালীরা। ঘটনার পরপরই লতব্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও হামলার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর মাদবরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়া এলাকায় একটি লালন চর্চাকেন্দ্রের জমি দখল ও চাঁদাবাজির জেরে এই হামলার ঘটনা ঘটে। 

আহত কবির হোসেন (৪৫) ও তাঁর ছোট ভাই তকবির হোসেনকে (৪৪) উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি নেতা জাহাঙ্গীর মাদবর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন মাদবর দোসরপাড়া এলাকায় কবির হোসেনদের পরিচালিত একটি লালন চর্চাকেন্দ্র দখল করে ইটভাটা নির্মাণের চেষ্টা করছিলেন। আজ দুপুরে কবির হোসেন ওই চর্চাকেন্দ্রের সীমানা বেড়ার কাজ করার সময় জাহাঙ্গীর ও আলাউদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর ওপর চড়াও হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহানারা আক্তার বলেন, “বেলা দেড়টার দিকে কবির হোসেনসহ আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে কবির হোসেনের মাথা ও দাঁতে গুরুতর আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

হাসপাতালের শয্যা থেকে আহত ফটোসাংবাদিক কবির হোসেন বলেন, “সরকার পরিবর্তনের পর থেকে লালন চর্চাকেন্দ্র দখলের চেষ্টা করেছে জাহাঙ্গীর ও আলাউদ্দিনরা। আখড়া বাঁচাতে হলে তারা আমার কাছে টাকা চেয়েছিল। আমি দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। আমাকে মেরে ফেলার জন্য দলবল নিয়ে হামলা করেছে; প্রথম আলো ও ডেইলি স্টারের মতো এ চর্চাকেন্দ্রও পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল।”

হামলার বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, “হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে মূল অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।”

এদিকে এই নজিরবিহীন হামলার পর তীব্র নিন্দা জানিয়েছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। তিনি বলেন, “অপরাধী কেউ আমাদের দলের নাম ভাঙিয়ে রক্ষা পাবে না। তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীরসহ যারা অপরাধী, তাদের গ্রেপ্তারের জন্য পুলিশকে অনুরোধ করেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.