× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে গভীর রাতে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল দেয়াল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ মে ২০২৬, ১৬:০৫ পিএম । আপডেটঃ ২৫ মে ২০২৬, ১৬:০৭ পিএম

রোববার গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবেশ ঠেকাতে সন্ত্রাসীদের কেটে ফেলা রাস্তার একটি অংশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় গতকাল রোববার দিবাগত গভীর রাতে র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। গতকাল রোববার রাত আনুমানিক দুইটার দিকে সংঘটিত এই হামলায় সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান ও অতিরিক্ত ফোর্স প্রবেশ ঠেকাতে ওই এলাকার অন্তত তিনটি স্থানে রাস্তা ও কালভার্ট কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে রাতেই ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই হামলার মূল পরিকল্পনাকারী ‘ইয়াসিন বাহিনী’র বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুরের আলীনগর পাহাড়ি এলাকায় র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্পটির নিয়ন্ত্রণ নিতেই মূলত এই হামলা চালানো হয়। গভীর রাতে ভারী বুলডোজার নিয়ে একদল সন্ত্রাসী ক্যাম্পের ওপর চড়াও হলে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিরোধের মুখে পড়েন।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, "পরিকল্পিতভাবে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা র‍্যাবের ক্যাম্পে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। ঘটনাস্থলে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি ফোর্স যেতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন স্থানে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধ করেছে।"

অভিযান ঠেকাতে সন্ত্রাসীরা কৌশলগতভাবে পাহাড়ের ভেতরের মূল সড়ক ও কালভার্টগুলো কেটে গভীর গর্ত তৈরি করে। ফলে রাতেই ঘটনাস্থলে যাওয়ার পথে র‍্যাবের গাড়িগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। তবে কৌশলগত সুবিধা উপেক্ষা করে র‍্যাব সদস্যরা গাড়ি রেখে পায়ে হেঁটেই দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে আলীনগরে পৌঁছান।

র‍্যাবের কর্মকর্তা কামাল হোসেন সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেন, যেখানে রাস্তা কেটে দেওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে প্রবেশ করতে না পারে, সে জন্য এখানে সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে কালভার্ট এবং রাস্তা কেটে দিয়েছে। যাতে আমাদের গাড়িগুলো ভেতরে প্রবেশ করতে না পারে। ওরা মনে করেছে যে ওদের কৌশলের কাছে আমরা পরাজিত হয়ে যাব। কিন্তু আমরা যে ওদের থেকে আরও বেশি কৌশলী, সেটা ওরা বুঝতে পারেনি।"

চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কসংলগ্ন প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমির ওপর গড়ে ওঠা এই জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য ছিল। ছিন্নমূল ও আলীনগর—এই দুই ভাগে বিভক্ত পাহাড়ের বিশাল সাম্রাজ্যটি যথাক্রমে রোকন ও ইয়াসিন নামের দুই শীর্ষ সন্ত্রাসীর বাহিনী নিয়ন্ত্রণ করত।

এর আগে একাধিকবার প্রশাসন সেখানে ঢুকতে গিয়ে হামলার শিকার হলেও, গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের একটি নজিরবিহীন যৌথ অভিযানের মাধ্যমে পুরো জঙ্গল সলিমপুর সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এরপর সরকার সেখানে পুলিশ ও র‍্যাবের দুটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করলে আলীনগর অংশে এই নতুন ক্যাম্পটি তৈরি করা হচ্ছিল।

রোববারের এই দুঃসাহসিক হামলার পর জঙ্গল সলিমপুর ও আশপাশের পাহাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও যৌথ বাহিনীর তল্লাশি চৌকি ও টহল জোরদার করায় পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

গত মার্চের বড় অভিযানে ২২ জন গ্রেপ্তার হলেও ‘ইয়াসিন বাহিনী’র প্রধান মো. ইয়াসিন এবং ‘রোকন বাহিনী’র প্রধান রোকন উদ্দিনসহ শীর্ষ বেশ কয়েকজন সন্ত্রাসী এখনো পলাতক রয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, এই পলাতক শীর্ষ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা না গেলে পাহাড়ের এই খাসজমি পুনরুদ্ধার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সরকারি উদ্যোগ বারবার এমন সশস্ত্র বাধার মুখে পড়তে পারে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.