× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ মে ২০২৬, ০১:৫৬ এএম । আপডেটঃ ১৫ মে ২০২৬, ০২:৩৭ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে খাদেমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ প্রাথমিকভাবে তদন্তের আশ্বাস দিলেও পরবর্তীতে গুলির বিষয়টি অস্বীকার করায় সীমান্তে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

নিহত খাদেমুল ইসলাম হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে ৯০৫/৬-এস সীমান্ত পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের বেড়ার কাছে অবস্থানকালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এলে স্থানীয়রা ও সহযোগীরা তাঁকে দ্রুত উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিজিবি জানায়, বিএসএফ প্রথমে ঘটনাটি খতিয়ে দেখার কথা বললেও পরবর্তীতে তাদের অস্ত্র ও গোলাবারুদ পরীক্ষায় কোনো ‘ফায়ারিং’-এর প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। বিষয়টি নিয়ে কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।”

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সজাগ রয়েছে। তবে বিএসএফের এমন সরাসরি অস্বীকৃতি ঘটনার তদন্ত প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে সীমান্তে বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে এবং নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.