× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের ভ্যাট সংক্রান্ত কাগজ দেখতে চাওয়ায় পরিদর্শককে খুঁটিতে বেঁধে মারধর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ মে ২০২৬, ০১:২৯ এএম । আপডেটঃ ১০ মে ২০২৬, ০১:৩২ এএম

বাঞ্ছারামপুরে মারধরের শিকার ভ্যাট পরিদর্শক মো. সাইফুল ইসলাম। হাত ভেঙে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোকানের ভ্যাট সংক্রান্ত নথিপত্র দেখতে চাওয়ায় মো. সাইফুল ইসলাম নামের এক ভ্যাট পরিদর্শককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে এই ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে দুইটার দিকে সাইফুল ইসলাম ওই দোকানে গিয়ে ভ্যাট নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। তবে সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করতে আসায় দোকান মালিক হাবিবুর রহমানের সন্দেহ হয় এবং তিনি সাইফুলকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন।

পরিদর্শক সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড ও পরিচয় দিলেও ব্যবসায়ীর সন্দেহ দূর হয়নি। একপর্যায়ে হাবিবুর ও তাঁর সহযোগীরা সাইফুলের মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। এরপর শুরু হয় বর্বরোচিত মারধর। তাঁকে বাঁচাতে গিয়ে সবুজের মিয়া নামের এক স্থানীয় ব্যক্তিও লাঠির আঘাতে জখম হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাইফুলকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “ব্যবসায়ীর দুটি প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। আমি সরকারি কর্মকর্তা—উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই আমাকে চেনেন বলার পরও হাবিবুর ও তাঁর কর্মচারীরা আমাকে বেঁধে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে।” বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানিয়েছেন, সাইফুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর ডান হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুল গনি বলেন, “আমাদের একজন কর্মকর্তাকে দায়িত্ব পালনকালে খুঁটিতে বেঁধে মারধর করা হয়েছে। রোববার কার্যালয়ে বসে আমরা আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেব।” ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যবসায়ী হাবিবুর রহমান পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আহত কর্মকর্তাকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলেই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি কর্মকর্তার ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.