× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ মার্চ ২০২৬, ০৯:৪০ এএম । আপডেটঃ ২৯ মার্চ ২০২৬, ০৯:৫২ এএম

মো. নাহিদ সরদার। ছবি: সংগৃহীত

নড়াইলে জ্বালানি তেল না পাওয়ার জের ধরে বাগবিতণ্ডার পর এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার মধ্যরাতে ঢাকা-বেনাপোল মহাসড়কের তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনের সামনে এ নির্মম ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদারের মোটরসাইকেলে থাকা বন্ধু জিহাদুল মোল্যা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজে ঘটনার সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মীরা।

তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, শনিবার রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে আসেন। তেল সরবরাহ না পেয়ে তিনি ব্যবস্থাপক নাহিদ সরদারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ক্ষুব্ধ চালক প্রকাশ্যেই নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। বিতর্কের পরও ট্রাকটি পাম্পের সামনে অবস্থান করছিল। দিবাগত রাত দুইটা ১০ মিনিটে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বন্ধু জিহাদুলকে নিয়ে বাড়ির উদ্দেশে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে ট্রাকটি তাদের পেছনে ধাওয়া করে। পাম্প থেকে সামান্য দূরে গিয়ে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। আহত জিহাদুলকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। জিহাদুল মোল্যা তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে। কর্মীরা জানান, হুমকির পর নাহিদ বের হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকচালকও বেরিয়ে পড়েন দেখে তাদের সন্দেহ হয়। তারা দ্রুত বের হলে দেখতে পান, সামনে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে যাচ্ছে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নাহিদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.