রাজধানীর শ্যামপুর এলাকায় মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোববার (১৫ মার্চ) দুপুরে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই কর্মসূচির উদ্বোধন করেন। নগরবাসীকে একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য ঢাকা উপহার দেওয়ার লক্ষ্যে এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, "আমরা একটি নিরাপদ ও পরিচ্ছন্ন নগর গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি বর্জ্য ব্যবস্থাপনা ও সড়কবাতি ব্যবস্থাকে শতভাগ কার্যকর করার ঘোষণা দেন। সিটি কর্পোরেশনের কর (ট্যাক্স) আদায় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে নাগরিকদের সম্পৃক্ত করে একটি 'সমন্বিত বোর্ড' গঠনের পরিকল্পনার কথা জানান তিনি। এর মাধ্যমে কর নির্ধারণে জবাবদিহিতা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উন্নয়ন প্রকল্পের গুণগত মান বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রশাসক বলেন, প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো কাজ তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর না করে সংশ্লিষ্ট বিভাগকে সরাসরি দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে শ্যামপুর এলাকায় একটি আধুনিক ব্যায়ামাগার ও পাঠাগার নির্মাণের আশ্বাসও দেন তিনি।
মাঠপর্যায়ে মশক নিধন ও সচেতনতা
অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। ড্রেন ও ফুটপাতের জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে লার্ভিসাইড ও ফগিং করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মশাবাহিত রোগ প্রতিরোধে ডিএসসিসি রাজধানীজুড়ে পর্যায়ক্রমে এই বিশেষ অভিযান অব্যাহত রাখবে।