× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদ মিনারে আড্ডার ছলে তরুণকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ২৩:৫৪ পিএম । আপডেটঃ ১৬ মার্চ ২০২৬, ০১:৫৩ এএম

নিহত রাকিব আহমেদ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন এই শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

রাজধানীর হৃৎপিণ্ড বলে পরিচিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় রাকিব আহমেদ (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডারত অবস্থায় তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মাথায় গুলি করে পালিয়ে যায় তিন-চারজন যুবক। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় একজনকে আটক করার দাবি করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনারের বেদিতে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন রাকিব। এ সময় হঠাৎ তিন থেকে চারজন যুবক সেখানে উপস্থিত হয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং সবশেষে মাথার ওপরের অংশে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নিহত রাকিব আহমেদের বাবা তারিকুল ইসলাম খোকনের গুমরে ফেরা কান্না। ছবি: সংগৃহীত 


রাকিবের বন্ধু আল আমিন জানান, "আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ তারা এসে রাকিবকে আক্রমণ করল। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমরা কাউকে বাধা দেওয়ার সুযোগও পাইনি।"

নিহত রাকিব ভোলার সদর উপজেলার চৌমুহনী গ্রামের তারিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের কর্মচারী হওয়ায় তাঁরা পরিবারসহ রাজধানীর নিমতলী এলাকায় বসবাস করতেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যরা এখন বাকরুদ্ধ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, গুরুতর আহতাবস্থায় রাকিবকে হাসপাতালে ভর্তি করা হলেও রাত ১০টা ৩৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। তবে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই নৃশংসতা, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.