× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘খোঁচাখুঁচি করলে বিএনপি থাকতে পারবে না’, হানজালার বক্তব্যে উত্তপ্ত শিবচর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ০২:৪৯ এএম । আপডেটঃ ১৫ মার্চ ২০২৬, ০২:৫০ এএম

শিবচরের বাহাদুরপুরে একটি ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তাঁর দেওয়া সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়। সংসদ সদস্যের দাবি—বক্তব্যটি খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে, অন্যদিকে বিএনপি একে উস্কানিমূলক ও উগ্রবাদী রাজনীতির উত্থান হিসেবে দেখছে।

গত শুক্রবার শিবচর উপজেলার বাহাদুরপুর মাঠে কুয়েত রিলিফ সোসাইটি ও বাংলাদেশ উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ১১-দলীয় জোটের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (বিএনপি নেতা) বলেছেন—বিএনপিকে নিয়ে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর আমার কোনো নেতা-কর্মী কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আমি চুপ করে আছি কারণ আমি শান্তি চাই। আপনারা রাজনীতি করেন শিবচর নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে।’

বক্তব্যের এক পর্যায়ে সাবেক সংসদ সদস্যের শাসনের প্রতি ইঙ্গিত করে হানজালা বলেন, ‘আমার জায়গায় অন্য কেউ হলে আপনাদের বাড়িতে থাকতে দিত না। আমি আপনাদের বাক্‌স্বাধীনতা দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে কেউ কলম ধরতে পারেনি, আমি সেই পরিবেশ তৈরি করেছি।’

জানতে চাইলে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছিল, তারই প্রতিবাদ জানিয়েছি। মূলত আমি শিবচর বিএনপিকে বুঝিয়েছি, পুরো দেশকে নয়। আমার বক্তব্য কেটে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

সংসদ সদস্যের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা। তিনি অভিযোগ করেন, ‘বর্তমান সংসদ সদস্য ও তাঁর পরিবার ৫ আগস্টের আগে আওয়ামী ফ্যাসিবাদীদের সহযোগী ছিলেন। তিনি এখন শিবচরের শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত করতে চাচ্ছেন। আমরা আশা করছি তিনি তাঁর এই অরাজনৈতিক বক্তব্য প্রত্যাহার করবেন।’ উপজেলা বিএনপির পক্ষ থেকে এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে বলেও তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিশের ‘রিকশা’ প্রতীক নিয়ে সাইদ উদ্দিন আহমাদ হানজালা গত নির্বাচনে বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন, যা দেশজুড়ে আলোচনায় এসেছিল। তিনি হাজী শরীয়ত উল্লাহ (র.)-এর সপ্তম পুরুষ হিসেবে স্থানীয়ভাবে প্রভাবশালী পরিবারের সদস্য।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.