রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘স্টেকহোল্ডারস অফ বাংলাদেশ’ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: সংগৃহীত
বাংলাদেশি জাতীয়তাবাদ কোনো চাপিয়ে দেওয়া কৃত্রিম রাজনৈতিক তত্ত্ব নয়, বরং এটি এ দেশের সুদীর্ঘ সংগ্রাম, মাটি ও মানুষের স্বতঃস্ফূর্ত সংস্কৃতির এক অনিবার্য ফসল। ১৯৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আত্মপরিচয় ও রাজনৈতিক অধিকার অর্জিত হয়েছে, তারই আধুনিক ও সর্বজনীন বহিঃপ্রকাশ হলো এই জাতীয়তাবাদ।
রবিবার ( ৮ মার্চ ) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘স্টেকহোল্ডারস অফ বাংলাদেশ (এসওবি)’ আয়োজিত এই বৈঠকের প্রতিপাদ্য ছিল— “বাংলাদেশি জাতীয়তাবাদের সাংস্কৃতিক বিনির্মাণ: অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ কোন পথে?”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন সাংবাদিক মাসউদ বিন আব্দুর রাজ্জাক। তিনি বর্তমান সাংস্কৃতিক প্রেক্ষাপটে দুটি চরমপন্থী ও নেতিবাচক প্রবণতা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে যে, দীর্ঘ সময় ধরে একদিকে যেমন ‘কলকাতা-কেন্দ্রিক’ বাঙালি জাতীয়তাবাদকে অতি-প্রাধান্য দিয়ে এ দেশের নিজস্ব লৌকিক স্বাতন্ত্র্যকে গৌণ করার চেষ্টা করা হয়েছে, তেমনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে ভাষাকে বিকৃত করে ‘আরোপিত ইসলামিকরণ’-এর একটি কৃত্রিম প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
বক্তারা বলেন, 'স্বাধীনতা'র পরিবর্তে 'আজাদী', 'বিপ্লব'কে 'ইনকিলাব' বলা কিংবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ব্যঙ্গাত্মক সম্বোধন কোনো স্বাভাবিক বিবর্তন নয়। বরং এটি একটি সুপরিকল্পিত ও চাপিয়ে দেওয়া প্রক্রিয়া, যা এই ভূখণ্ডের শতাব্দীর প্রাচীন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি বলেন:
“বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল ভাষা বা জাতিগত গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি মূলত ভূখণ্ডভিত্তিক নাগরিক পরিচয়ের ওপর প্রতিষ্ঠিত। রাষ্ট্র এমন এক অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়তে বদ্ধপরিকর যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উত্তরাধিকার সমান মর্যাদা ও সুরক্ষা পাবে।”
বৈঠকে প্যানেলিস্ট হিসেবে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রের বিদগ্ধজনরা অংশ নেন। প্রখ্যাত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, সঙ্গীতশিল্পী ও রাজনীতিবিদ মুহাম্মদ আসিফ আলতাফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, রাজনৈতিক অর্থনীতিবিদ ড. সফিকুর রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম এবং ‘আগামীর সময়’-এর হেড অফ ক্রিয়েটিভ শিমুল সালাহউদ্দিন স্ব-স্ব অবস্থানে থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের বহুমাত্রিক দিক ব্যাখ্যা করেন।
শিক্ষক ও গবেষক ফারাহ্ দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজক সংগঠনের মুখ্য সংগঠক ডা. সায়েম মোহাম্মদ বলেন, “স্টেকহোল্ডারস অফ বাংলাদেশ বিশ্বাস করে, কোনো আদর্শ জোর করে চাপিয়ে দিয়ে নয়, বরং সংলাপ ও গবেষণার মাধ্যমেই জাতীয় সংহতি অর্জন সম্ভব। আমরা একটি মানবিক ও বাংলাদেশপন্থী নীতিনির্ধারণী কাঠামো তৈরিতে কাজ করছি।”
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
