× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়া-৬ উপনির্বাচন

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে আবারও আবিদুর সোহেলকে চায় জামায়াত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ এএম । আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ এএম

আবিদুর রহমান সোহেল।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে উত্তরের রাজনীতির প্রাণকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পরাজিত হওয়া জামায়াত নেতা আবিদুর রহমান সোহেলকেই আবারও এই আসনে ধানের শীষের বিপরীতে লড়াইয়ে নামাচ্ছে দলটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এক জরুরি দায়িত্বশীল সমাবেশে বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এই উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি তারেক রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সম্মানজনক ভোট পাওয়ায় তাকেই আবারও আস্থার প্রতীক হিসেবে বেছে নিয়েছে দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। তাঁর বিপরীতে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তারেক রহমান এই আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করেছে। সেই প্রেক্ষাপটে বিএনপি এবার বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে ধানের শীষের কান্ডারি হিসেবে মনোনীত করেছে। রেজাউল করিম বাদশা শুক্রবারই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চার লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটারের এই আসনে পুরুষ ভোটার দুই লাখ ১৯ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার দুই লাখ ৩০ হাজার ৩৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই হাইভোল্টেজ উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা আর জামায়াতের সাংগঠনিক শক্তির এই লড়াই উপনির্বাচনে এক নতুন মাত্রা যোগ করবে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.