কক্সবাজারের চকরিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের দ্রুতগামী গাড়িবহরের ধাক্কায় প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম খালেদ বিন ওয়ালিদ, সে স্থানীয় এক নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ওই এলাকার প্রবাসী আমান উল্লাহর সন্তান। এই ঘটনার পর শোকাতুর জনতা ঘাতক বহরের গাড়ি আটকে প্রতিবাদ জানালে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া সফর শেষে সড়কপথে মহেশখালী ফিরছিলেন। বিকেল ৫টার দিকে তাঁর ৮-১০টি গাড়ির বহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাটা এলাকা অতিক্রম করার সময় একটি দ্রুতগামী গাড়ি শিশু খালেদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটির মা সুমাইয়া বেগম তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বদরখালী মাদ্রাসা গেট এলাকায় একটি ডাম্প ট্রাক দিয়ে এমপির বহরের কয়েকটি গাড়ি আটকে দেয়। এ সময় সংসদ সদস্যকে বহনকারী মূল গাড়িটি নিরাপদ দূরত্বে চলে গেলেও পেছনের গাড়িগুলো জনরোষের মুখে পড়ে। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় এবং পুলিশের উপস্থিতিতে আটকে পড়া গাড়িগুলো উদ্ধার করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন সংসদ সদস্য। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, ঘাতক গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হাসপাতালের শয্যায় নিথর পড়ে আছে ছোট্ট খালেদ। পাশেই বিলাপ করছেন মা সুমাইয়া বেগম। সন্তানের শীতল মুখে হাত বুলিয়ে বারবার চিৎকার করে বলছেন, ‘উঠ বাবা... উঠ...।’ মায়ের এই বুকফাটা আর্তনাদ উপস্থিত সবার চোখে জল এনে দেয়। কোমলমতি এই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।