× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইন সবার জন্য সমান, অবহেলা বরদাশত নয়: রাজশাহীতে ভূমিমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩ পিএম । আপডেটঃ ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৪ পিএম

রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনু)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ এবং সেবামুখী মনোভাব নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বা দায়িত্ব পালনে অবহেলা মেনে নেওয়া হবে না। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধকে পাথেয় করে কাজ করার নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, “প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতে হবে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে। আমি এই রাজশাহীরই সন্তান; আমাদের পরিচয় আমরা একে অপরের সহকর্মী। মনে রাখতে হবে, আপনারা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। আইন সবার জন্য সমান—সেটি নিশ্চিত করাই আপনাদের প্রধান কাজ। এমনকি আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।”

পবিত্র রমজান মাসে জনদুর্ভোগ লাঘবে কর্মকর্তাদের বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা খাতগুলোতে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনকে আপসহীন হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে পরিচালিত হবে এবং আইন চলবে তার নিজস্ব গতিতে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন ও দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক (মিলন), রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম। এছাড়াও জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন (বুলবুল) সভায় অংশগ্রহণ করেন।

সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা প্রশাসনিক চ্যালেঞ্জ ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ত্রীর এই দিকনির্দেশনা রাজশাহীর প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মাইলফলক হিসেবে কাজ করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.