× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কারওয়ান বাজারে ভয়াবহ আগুন, ১০ ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ এএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ এএম

কারওয়ান বাজারের কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১০টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সূত্রপাত হওয়া এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে সংস্থাটির ১০টি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, কাঠপট্টির 'ডায়মন্ড টিম্বারস' নামে একটি করাতকল (স মিল) থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের একটি পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিতে ডায়াপারের গুদাম থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। আশপাশে বিপুল পরিমাণ কাঠের স্তূপ ও গুদাম থাকায় শুরু থেকেই আগুনের তীব্রতা বেশি ছিল।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর রাত পৌনে ১১টায় প্রথম ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে ১০টি ইউনিট উদ্ধার অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটির ভেতরে প্রবেশ করে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছুটা সময় লাগে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে নিয়ম অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের পরই বিস্তারিত জানানো সম্ভব হবে।”

রাত ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কোনো ব্যক্তি অগ্নিদগ্ধ বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ডায়াপার ও কাঠের গুদাম পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.