কুমিল্লা-৪ আসনে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুক লাইভে নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছেন ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট গ্রহণ শেষ হওয়ার মুহূর্তে নানা অনিয়ম ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে গণ অধিকার পরিষদের এই প্রার্থী ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেন। ঋণখেলাপির দায়ে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার পর জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছিল দলটি।
সকালে ভোট গ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে জসিম উদ্দিন পরিবেশকে ‘শান্তিপূর্ণ’ বলে অভিহিত করেছিলেন। তবে বিকেল গড়াতেই পাল্টে যায় চিত্র। ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, বড়শালঘর, রসুলপুর, ইউসুফপুর ও ফতেহপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নে ব্যাপক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, নেতা-কর্মীদের ওপর হামলা এবং ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করা হয়েছে। শেষ মুহূর্তে এসে প্রতিপক্ষ প্রার্থীরা নিজেরাই ব্যালটে সিল মেরেছেন বলেও তিনি অভিযোগ তোলেন।
২ মিনিট ১১ সেকেন্ডের ওই লাইভ ভিডিওতে জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রশাসন থেকে ন্যূনতম কোনো সহায়তা পাইনি। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হলে বারবার ফোন দেওয়ার পরও পুলিশ বা সেনাবাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা কেবল ‘দেখছি’ বলে সময়ক্ষেপণ করেছে।” প্রশাসনের এমন নির্লিপ্ততা এবং সাধারণ জনগণের জানমালের ঝুঁকির কথা বিবেচনা করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপির মূল প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানোয় গত ৪ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিক সমর্থন জানায় বিএনপি। এই আসনে ১১-দলীয় জোটের অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ। জসিম উদ্দিনের এই ভোট বর্জনের ঘোষণা আসনটির নির্বাচনী ফলাফলে নতুন আলোচনা তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
