× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্র এলাকায় হাতবোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৪ এএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৯ এএম

গোপালগঞ্জে ভোটকেন্দ্র এলাকায় হাতবোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে গোপালগঞ্জের সাতটি ভোটকেন্দ্র এলাকায় ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয় ভোটার ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ও শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আশপাশে বিস্ফোরণ ঘটে। এ ছাড়া সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী ১০ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র এলাকায় দুর্বৃত্তরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই ৫ থেকে ৭টি স্থানে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।" খবর পাওয়ার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে তিনি জানান।

ভোটের আগের রাতে এমন অস্থিতিশীল পরিস্থিতির পর ওই সাতটি কেন্দ্রসহ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। স্থানীয় প্রশাসন ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে।

বিষয় : গোপালগঞ্জ

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.