নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১ (করোনারি কেয়ার ইউনিট) এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আটকের পর মানসিক চাপে তিনি ‘হার্ট অ্যাটাক’ করেছেন এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত নন।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে নগদ ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই অর্থ ব্যবসার কাজে ব্যবহারের দাবি করলেও কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াত নেতাকে পর্যবেক্ষণ করা চিকিৎসক আজহারুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক করেছেন। উচ্চ রক্তচাপের কারণে তাঁর হৃদস্পন্দনে অস্বাভাবিকতা দেখা দিয়েছে। ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। রক্ত পরীক্ষাসহ অন্যান্য রিপোর্টের পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।”
ঘটনার প্রতিক্রিয়ায় রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল দাবি করেন, বেলাল উদ্দিন একজন ব্যবসায়ী এবং তিনি নিয়ম মেনেই ঢাকা থেকে অর্থ নিয়ে আসছিলেন। তিনি অভিযোগ করেন, “প্রশাসনকে অবহিত করেই তিনি আসছিলেন, কিন্তু একটি বিশেষ বিভাগ তাকে আটকের পর মানসিক টর্চার করায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। একটি সুন্দর পরিবেশকে অস্থিতিশীল করতে এই নাটক সাজানো হচ্ছে।”
বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত। নির্বাচনের আগের দিন বিপুল পরিমাণ অর্থসহ তাঁর আটক হওয়া এবং পরবর্তী অসুস্থতার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পাহাড়ায় তাঁর চিকিৎসা ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।