× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতার ৭৪ লাখ টাকা জব্দ: পুলিশ

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪১ পিএম । আপডেটঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৭ পিএম

জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান। ছবি: সংগৃহীত

নির্বাচনের ঠিক আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। বর্তমানে অসুস্থ বোধ করায় তাকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তার ব্যাগে বিপুল পরিমাণ অর্থ রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় মোতায়েন করা সেনাবাহিনী তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। পরে সৈয়দপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিকেলে জানান, সবার উপস্থিতিতে জব্দকৃত অর্থ গণনা শেষে দেখা যায় সেখানে মোট ৭৪ লাখ টাকা রয়েছে। এ সময় তার সাথে ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান থাকলেও তাকে আটক করা হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান দাবি করেন, উদ্ধারকৃত অর্থ তার ব্যক্তিগত পোশাক (গার্মেন্টস) ব্যবসার। তিনি পেশায় একজন শিক্ষক এবং ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ার বাসিন্দা। তবে নির্বাচনের মাত্র এক দিন আগে এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের কোনো বৈধ নথিপত্র বা সন্তোষজনক ব্যাখ্যা তিনি তাৎক্ষণিক দিতে পারেননি। জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এই অর্থের প্রকৃত উৎস এবং এটি কোনো নাশকতামূলক কাজে বা নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে।

জিজ্ঞাসাবাদ চলাকালীন বেলাল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা জানান, বুক ব্যথার অভিযোগ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচনের আগমুহূর্তে এই বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.