আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে বড় ধরনের অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে পাঁচটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১১৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ম্যাগাজিনসহ তিন পেশাদার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, নির্বাচন উপলক্ষে নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহ ধরে ডিবি পুলিশ একটি নির্দিষ্ট চক্রের ওপর নিবিড় নজরদারি রাখছিল। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউস এলাকা থেকে প্রথমে শাহীন হোসেন (২০) ও হযরত প্রামাণিককে (৪৭) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে মমিনুল ইসলাম খোকনকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অত্যাধুনিক ও শক্তিশালী সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
- একটি বিদেশি সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেল
- একটি বিদেশি ২২ বোর রাইফেল (ম্যাগাজিনসহ)
- একটি ৯ এমএম পিস্তল ও একটি ৭.৬৫ এমএম পিস্তল
- একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক
- ১১৪টি বিভিন্ন বোরের গুলি ও একাধিক ম্যাগাজিন।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার সন্ত্রাসী। তারা এলাকায় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল। নির্বাচনকে কেন্দ্র করে তাদের কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।” এই চক্রের নেপথ্যে থাকা প্রভাবশালী মদদদাতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।