ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটকের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘পরিকল্পিত’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে এক ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। জামায়াত নেতার কাছ থেকে উদ্ধারকৃত অর্থের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বুধবার বেলা ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালায় পুলিশ। তল্লাশিকালে তার সাথে থাকা ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, বেলাল উদ্দিন এই অর্থ তার ব্যবসার কাজে ব্যবহারের দাবি করলেও তাৎক্ষণিকভাবে উৎসের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অর্থের প্রকৃত উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই আটকের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, “কারও কাছে টাকা থাকলেই তাকে ধরা হবে কেন? এটি জামায়াত নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।” তিনি আরও বলেন, “অদ্ভূত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজ করেছে। আমরা অবিলম্বে বেলাল উদ্দিনের মুক্তি এবং তার সুচিকিৎসার দাবি জানাচ্ছি।
এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জামায়াত নেতা বেলালের ব্যাগে থাকা বিপুল অর্থ স্ক্যানিংয়ে শনাক্ত হয়েছিল। তবে কাস্টমসের অনাপত্তি পাওয়ায় তাকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাকে আটক করে পুলিশ।
বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। নির্বাচনের আগমুহূর্তে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।