× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘরবাড়ি পোড়ানোর হুমকি, মঞ্জুরুল মুন্সীকে তলব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৫ পিএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ এএম

মঞ্জুরুল আহসান মুন্সী। ফাইল ছবি

ভোটের মাঠে সাধারণ ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার মধ্যে তাকে সশরীরে হাজির হয়ে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম গত মঙ্গলবার রাতে এই নির্দেশনা জারি করেন। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।” প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে দেবীদ্বারের বাকসার গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে আতঙ্ক ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার রাতেই বিএনপি তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়।

মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন। তবে ঋণখেলাপির দায়ে আদালতের আদেশে তার প্রার্থিতা বাতিল হয়। এরপর এই আসনে বিএনপি গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে (ট্রাক প্রতীক) সমর্থন দেয়। প্রার্থিতা হারানোর পর থেকেই মঞ্জুরুল মুন্সী জসিম উদ্দিনের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন।

উল্লেখ্য, এই আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ভোটের আগমুহূর্তে মঞ্জুরুল মুন্সীর এমন হুমকিমূলক বক্তব্যে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.