ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভায় দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, গফরগাঁওয়ের মাটি ও মানুষের রাজনীতি নীতি ও আদর্শের ওপর প্রতিষ্ঠিত। এখানে টাকার বিনিময়ে ভোটাধিকার বিকিয়ে দেওয়ার কোনো ইতিহাস নেই। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "গফরগাঁওয়ের মানুষ টাকার কাছে বিক্রি হয় না। সাময়িক প্রলোভনে না পড়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হোন।"
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় হাবিব উন নবী খান সোহেল বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ইঙ্গিত করে বলেন, "দলের আদর্শের বাইরে গিয়ে অনেক প্রভাবশালী ব্যক্তি অতীতে হারিয়ে গেছেন। দলের বাইরে গিয়ে কেউ নিজেকে বড় প্রমাণ করতে পারে না। মনে রাখবেন, দুধের স্বাদ কখনো ঘোলে মেটে না।" বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ দেশের রাজনীতির ‘সৌরশক্তি’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, তাঁর নেতৃত্বে আগামীতে সরকার গঠিত হলে গফরগাঁওসহ সারা দেশে উন্নয়নের জোয়ার বইবে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোফাখখারুল ইসলাম এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক প্রমুখ। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয় সুনিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
ময়মনসিংহ-১০ আসনে এবার বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানসহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয় ভোটারদের মতে, মূল লড়াই হতে যাচ্ছে ত্রিমুখী। আক্তারুজ্জামানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) আবু বকর সিদ্দিকুর রহমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইসমাঈল। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এই তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে।