প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থানরত ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হামলাকে ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেন।
আসিফ মাহমুদ তাঁর স্ট্যাটাসে সরাসরি প্রশ্ন তুলে বলেন, “এই হামলা ন্যাক্কারজনক! শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?” গত বৃহস্পতিবার থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান করছিলেন। সেখানেই পুলিশের পক্ষ থেকে বাধা ও হামলার ঘটনা ঘটে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের অ্যাকশনে তাদের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সংগঠনের নারী নেত্রী জুমা ও শান্তাকে পুলিশ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি। কিন্তু পুলিশ আজ বলপ্রয়োগ করে সেই অবস্থান কর্মসূচি পণ্ড করে দেয় বলে জানা গেছে।
আন্দোলনকারীদের ওপর পুলিশের এই হামলার ঘটনায় কেবল এনসিপি নয়, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিন্দা জ্ঞাপন করেছে। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আন্দোলনকারীদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।