টেকনাফ মডেল থানা
কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরী ও শিশুসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন বাজারে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, রোহিঙ্গা সন্ত্রাসীরা এই গুলিবর্ষণ চালিয়েছে।
গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে তিনজন স্থানীয় বাসিন্দা এবং দুইজন রোহিঙ্গা নাগরিক। আহতরা হলেন—হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাচা মিয়া (৪৫), শাহাব উদ্দিন (১২) ও নুসরাত জান্নাত (১৬)। আহত রোহিঙ্গারা হলেন—আলীখালী ক্যাম্পের আবদুর রহমান (২৭) ও মোহাম্মদ জিসান (১৩)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই রোহিঙ্গাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে নুসরাত ও শাহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নুসরাতের পিঠে এবং শাহাবের কোমরে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত কিশোরী নুসরাতের মা ছমিরা বেগম জানান, বাড়ির দরজায় দাঁড়িয়ে ধানের শীষের প্রচারণা দেখছিলেন তাঁরা। হঠাৎ দুটি গুলি এসে তাঁর মেয়ের পিঠে বিদ্ধ হয়। আরেক আহত ব্যক্তি বাচা মিয়া জানান, লোকজন উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছিলেন, এমন সময় অতর্কিত গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে।
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহদাত হোসেন এই হামলার জন্য রোহিঙ্গা সন্ত্রাসীদের দায়ী করেছেন। তাঁদের দাবি, নির্বাচনী প্রচারণা লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তাঁরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, “প্রচারণায় গুলির ঘটনা ঘটলেও এর পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না তা এখনো নিশ্চিত নয়। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক পূর্ব শত্রুতার জেরে এটি ঘটে থাকতে পারে।” ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
