× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০ পিএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০১ পিএম

যমুনা এলাকায় বিজিবি ও পুলিশের নিরাপত্তা জোরদার। ছবি: সংগৃহীত

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ ও মিন্টো রোড এলাকা। উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই ঘোষণা দেন।

সকাল থেকেই ৯ম পে-স্কেলের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কয়েক হাজার কর্মচারী মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন। তাঁদের মূল দাবি—দ্রুততম সময়ে নবম পে-স্কেল ঘোষণা ও কার্যকর করা।

বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রাথমিকভাবে ছত্রভঙ্গ হয়ে গেলেও আন্দোলনকারীরা পুনরায় সংগঠিত হয়ে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেন। বেলা সাড়ে ১১টার পর থেকে দফায় দফায় সংঘর্ষে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। রণক্ষেত্রের মধ্যে দুপুর নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে যমুনা এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় ভারী নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.