পে স্কেল বাস্তবায়নের দাবিতে মিছিলে পুলিশের বাধা ও জলকামান নিক্ষেপের পর শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থান। ছবি: সংগৃহীত
নবম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন জারির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা করেছেন সরকারি কর্মচারীরা। এ সময় পুলিশের দফায় দফায় বাধা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই আন্দোলনে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
সকাল সাড়ে ১০টার দিকে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে কয়েক হাজার কর্মচারী শাহবাগ মোড়ে জড়ো হন। তাঁরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা সামনের দিকে অগ্রসর হলে বেলা ১১টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশের ধাওয়ায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশের কঠোর অবস্থানের মুখে আন্দোলনকারীরা দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। সেখানে পুলিশের ব্যারিকেডের সামনে রাস্তায় বসে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। বিক্ষোভকারীরা ‘যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না’ ও ‘অবিলম্বে পে স্কেল দিতে হবে’—এমন নানা স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আন্দোলনে অংশ নেওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী বোরহান উদ্দিন অভিযোগ করেন, “নবম পে স্কেলের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও সরকার প্রজ্ঞাপন জারি করছে না। আমরা জানতে পেরেছি, একটি রাজনৈতিক দলের আপত্তির কারণে এটি আটকে আছে। অবিলম্বে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কর্মচারীরা রাস্তা অবরোধ করলে জনভোগান্তি সৃষ্টি হয়। তাঁদের সরে যেতে বারবার অনুরোধ করা হলেও তাঁরা শোনেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের সরিয়ে দেয়।
এদিকে, বৃহস্পতিবার বিকেল থেকেই যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘ইনকিলাব মঞ্চ’। জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে। একই এলাকায় দুটি পৃথক কর্মসূচির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
