সোমবার খুলনার প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যকে ‘কলঙ্কজনক’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে ঘরের ভেতর আটকে রাখার যে স্বপ্ন একটি বিশেষ দল দেখছে, তা এ দেশের প্রগতির পথে বড় অন্তরায়।” আজ সোমবার দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ২২ বছর পর খুলনার জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে লাখ লাখ নারী পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে হাড়ভাঙা খাটুনি খাটছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে অনেক নারীই সংসারের হাল ধরতে স্বামীর পাশাপাশি কাজ করছেন। নারীদের অসম্মান করার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “যারা ইসলাম কায়েমের কথা বলে নারীদের অপমান করছেন, তারা ভুলে যাচ্ছেন ইসলামের ইতিহাস। নবী করিম (সা.)-এর সহধর্মিণী হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী। সুতরাং নারীদের কর্মজীবনকে অপমান করার অধিকার কারও নেই।”
সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে বিতর্কিত মন্তব্যের পর ‘আইডি হ্যাকড’ হওয়ার যে দাবি করা হয়েছে, সেটিকে মিথ্যাচার বলে আখ্যা দেন তারেক রহমান। তিনি বলেন, “বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনাকে হ্যাকড বলার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে মিথ্যা অজুহাত দিয়ে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করেছে। যারা নারীদের অসম্মান করে এবং জনদরদি সাজার অভিনয় করে, তারা আসলে দেশপ্রেমিক হতে পারে না।”
বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, “২০ কোটি মানুষের এই দেশে ১০ কোটি নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো পরিকল্পনা সফল হওয়া সম্ভব নয়। আমরা কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তুলব, যাতে কাউকে অন্যের মুখাপেক্ষী হতে না হয়।” মৃতপ্রায় শিল্পনগরী খুলনাকে পুনরায় প্রাণবন্ত করার এবং বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।
জুলাই বিপ্লবের শহীদ ও নির্যাতিতদের স্মরণ করে তারেক রহমান বলেন, গত ১৬ বছর এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। হাজার হাজার নেতাকর্মী গুম-খুন ও গায়েবি মামলার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা স্বৈরাচার বিদায় করেছে। এখন সময় এসেছে নিজের অধিকার আদায়ের। আগামী ১২ তারিখের নির্বাচনে গত এক যুগের বঞ্চনার জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে।”
দেশ পুনর্গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর ২৭ মিনিটের বক্তব্য শেষ করেন। দুপুর সাড়ে ১২টায় তিনি মঞ্চে উঠলে হাজার হাজার নেতাকর্মী করতালি ও স্লোগানে তাঁকে স্বাগত জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
