× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা: সিসিটিভিতে নৃশংস দৃশ্য

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৬, ১৬:১৯ পিএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৬, ১৯:২৯ পিএম

নগরের মিদ্যাপাড়ায় অভিযুক্ত ব্যক্তিরা অটোরিকশাচালক খোরশেদ আলমকে টেনে নিয়ে যাচ্ছেন, যার কিছুক্ষণ পরই ঘটে নৃশংস এই হত্যাকাণ্ড। সিসিটিভি থেকে সংগৃহীত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খোরশেদ আলম (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে আমিন জুট মিল সংলগ্ন মিদ্যাপাড়ায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, জনসমক্ষেই অত্যন্ত নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়, যেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাউকেই উদ্ধারে এগিয়ে আসতে দেখা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে মিদ্যাপাড়া এলাকায় তিন ব্যক্তির সঙ্গে চালক খোরশেদের কথা-কাটাকাটি হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘মুখের দুর্গন্ধ’ নিয়ে তর্কের একপর্যায়ে অভিযুক্তরা খোরশেদকে ধাক্কা দিতে শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তর্কের একপর্যায়ে তিন ব্যক্তি লাঠি দিয়ে খোরশেদকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। তিনি মাটিতে লুটিয়ে পড়ার পরও নিস্তেজ না হওয়া পর্যন্ত তাকে বেধড়ক পেটানো হয়। পরে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোরশেদ আলমের মাথায় ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, "ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মো. হোসেন নামের এক অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান অব্যাহত আছে।" প্রাথমিকভাবে পূর্বশত্রুতার কোনো প্রমাণ পাওয়া যায়নি; স্রেফ তাৎক্ষণিক তর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত চালকের পরিবারের পক্ষ থেকে বর্তমানে হত্যা মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত সোমবারও একই থানার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় এক র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনাটি স্থানীয়দের মধ্যে নতুন করে নিরাপত্তাহীনতার উদ্বেগ তৈরি করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.