× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরাজিত হয়ে নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন বাদশা

রাজশাহী প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৩ এএম । আপডেটঃ ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ এএম

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে মনগড়া অভিযোগ তুলে নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা। এছাড়া, তিনি নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশন সচিবালয় এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। তাই তার এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কাদিরগঞ্জস্থ শাহ ডাউন কনভেনশন হলে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান এ আসনে বিজয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার নির্বাচন পরিচালনা কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাঁচি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও রাজশাহী-২ (সদর) নব-নির্বাচিত সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট আসলাম সরকার বলেন, রাজশাহী-২ (সদর) স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা একজন সাবেক ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং রাজশাহীর একজন অত্যন্ত পরিচিত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কমিটির সহ-সভাপতি। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করায় রাজশাহীবাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে পরাজিত প্রার্থী ফজলে হোসেন বাদশা নির্বাচনকে বির্তকিত ও প্রশ্নবিদ্ধ করতে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। ফজলে হোসেন বাদশা নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিত অভিযোগ করে এবং গণমাধ্যমে বক্তব্য প্রদানের মাধ্যমে প্রকাশ করেছেন, ‘নির্বাচনের দিনে ভোটারদের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়েছে।’ যা উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য। তিনি আওয়ামী লীগ কর্মীদের তার নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে দোষারোপ করেছেন, যা অনাকাঙ্খিত।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট আসলাম সরকার বলেন, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে রাজশাহীর মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ অধিকাংশ নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, এমনকি দলীয় নিষেধাজ্ঞা না থাকায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাঁচি প্রতীকের পক্ষে নির্বাচনে কর্মকাণ্ডে যুক্ত হোন। কাঁচি প্রতীকের পক্ষে স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনী প্রচার মিছিলে যার বহিঃপ্রকাশ দেখা যায়। একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ২৪ হাজার ভোটের বিপুল ব্যবধানে ফজলে হোসেন বাদশা পরাজিত হন। নির্বাচনে পরাজিত হওয়ার পর বিগত ১৫ বছরের নিজের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণ না করে মনগড়া অভিযোগ তুলে তিনি রাজশাহীবাসী ও ভোটারদের হেয় করেছেন। ফজলে হোসেন বাদশা তার বক্তব্যের মধ্য দিয়ে মানুষের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করার অপচেষ্টা করেছেন। আমরা তার এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম,  ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আব্দুস সালাম, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আখতার আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি প্রমুখ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.