× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কারফিউ

সোমবার শোক মিছিল করবে না আওয়ামী লীগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৪, ১৩:২১ পিএম । আপডেটঃ ০৪ আগস্ট ২০২৪, ১৪:৪৯ পিএম

রাজধানীর রাস্তায় সেনা সদস্যদের টহল

অনির্দিষ্টকালের কারফিউ জারি হওয়ার কারণে পূর্বনির্ধারিত শোক মিছিল করবে না আওয়ামী লীগ।

সোমবার এ কর্মসূচি পালনের কথা ছিল আওয়ামী লীগের। তবে রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউয়ের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে।

রোববার রাতে দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান বিজ্ঞপ্তি দিয়ে শোক মিছিল হচ্ছে না বলে তথ্য দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কারফিউ এর কারণে বাংলাদেশ আওয়ামী লীগের আগামীকালের (সোমবার) পূর্ব নির্ধারিত শোক মিছিল অনুষ্ঠিত হবে না। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।”

কোটা আন্দোলনে সহিংসতা ও প্রাণহানি নিয়ে সৃষ্ট উত্তেজনার পর সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি ডাকা হলেও রোববার দেশজুড়ে কর্মসূচিতে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন দেখা যায়। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় দেখা যায় অভিভাবকদেরও।

সরকার পতনের কর্মসূচি মোকাবেলায় মাঠে নামে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা ঠেকাতে চেষ্টা করে পুলিশ।

পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সংঘর্ষ-সংঘাত হয়। সারা দেশে সহিংসতায় ৯০ জনের বেশি নিহত এবং অনেক মানুষ আহত হন।

এ অবস্থায় অনির্দিষ্টকালের কারফিউ জারি হলেও আন্দোলনকারীরা এক দিন এগিয়ে সোমবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়েছে। তবে সেনাবাহিনী সবাইকে কারফিউ আইন মেনে চলতে আহ্বান রেখেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.