রাজশাহী বিশ্ববিদ্যালয় বায়োকেমিক্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করে যাত্রা শুরু করেছে। ১৫ সদস্যের নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মো. ইখতিয়ার রহমানকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (১৩ মে) বায়োকেমিক্স ক্লাবের উপদেষ্টা মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত এক উদ্বোধনী অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান এবং মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ইমতিয়াজ হাসান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, এই ক্লাবের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সফলতায় আরও একধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে গবেষণাকে গুরুত্ব দিতে হবে। গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সব ধরনের সহযোগিতা এবং ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে।
এসময় অধ্যাপক তারিকুল হাসান তাঁর বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবে গবেষণার গুরুত্ব সম্পর্কে অনুপ্রেরণামূলক বিষয়বস্তু তুলে ধরেন। এছাড়া গবেষণার মাধ্যমে কীভাবে শিক্ষার্থীরা উদ্ভাবনমুখী হতে পারে এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় বায়োকেমিক্স ক্লাব একটি গবেষণামূলক ক্লাব। এর মূল কার্যক্রম হচ্ছে গবেষণাভিত্তিক ওয়ার্কশপ পরিচালনা, ট্রেনিং প্রোগ্রাম আয়োজন এবং গবেষণার জন্য বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বিভাগ কেন্দ্রিক নেটওয়ার্ক তৈরি করা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।