পাবলিকিয়ান আ্যাসোসিয়েশন অফ লালমনিরহাট সদর (পালস) এর আয়োজনে পালস গ্রান্ড ইফতার মাহফিল ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় লালমনিরহাট সদর উপজেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের সংবর্ধনা ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষাক্ষার্থীদের মাঝে ‘পালস মেধা বৃত্তি’ প্রদান করা হয়।
রবিবার (০৭ এপ্রিল) লালমনিরহাট সদরের কালেক্টরেট কলেজিয়েট স্কুলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় রায় আকাশ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুবাইয়াত তাবাসসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আ্যাডভোকেট মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মাদ উল্যাহ, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম প্রামানিক, শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান।
অনুষ্ঠানে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, ‘বর্তমান সময়ে শিক্ষা গ্রহণের রয়েছে অবারিত সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে। পূর্বে লালমনিরহাটে শিক্ষার হার ছিল অত্যন্ত কম। এখন আমরা সেই দিন গুলোকে পেছনে ফেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। এই স্বপ্নের কাণ্ডারি আমাদের বর্তমান প্রজন্ম। এই প্লাটফর্মের মাধ্যমে লালমনিরহাট সদর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়রত শিক্ষার্থীদের মধ্যে একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। যা ভবিষ্যতে লালমনিরহাট তথা বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে’।
পালস’র সভাপতি শিফাউল হক শিহাব বলেন, এটি লালমনিরহাট সদর থেকে অধ্যায়নরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। যার প্রধান কাজ হচ্ছে লালমনিরহাটের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি করে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা। যারই ধারাবাহিকতায় আজ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার অনুষ্ঠানটিকে শুধুমাত্র ইফতারের গন্ডি থেকে বের করে আমরা নতুন ধরনের কিছু কাজ করার চেষ্টা করেছি। যেমন: পালস মেধা বৃত্তি, লালমনিরহাটের থেকে বিসিএসসহ দেশের প্রতিযোগিতা মূলক চাকরিক্ষেত্রে সাফল্য অর্জন করা শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ১৮-১৯ সেশনের ভাইদের বিদায়। এসব কর্মকান্ড একদিকে যেমন আমাদের ভ্রাতৃত্ব মজবুত করে তোলো ঠিক তেমনি আমাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টও বড় ভূমিকা পালন করে। এভাবে লালমনিরহাটের বুকে আমরা একটি আলোড়ন গড়ে তোলার নিরন্তন চেষ্টা করে চলেছি।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত লালমনিরহাট সদর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ২০২৩ সালে পালস গঠিত হয়। পালস মেধা বৃত্তি, নবীন বরণ ও ভর্তি পরীক্ষা কেন্দ্রিক পালসের বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
