ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়া ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ। শনিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, ছাত্র উপদেষ্টা হিসেবে ড. বাকী বিল্লাহকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী ১ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা লাভ করবেন। ড. বাকী বিল্লাহ হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ড. শেলিনা নাসরিনের স্থলাভিষিক্ত হলেন।
এ বিষয়ে ড. বাকী বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে যেসব দায়িত্ব রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি।