ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। গত ২৩ ফেব্রুয়ারি আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরদিন ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ লাখ ২ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন, পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ। এই ইউনিটে ২ হাজার ৯৩৪ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ৩৪ হাজার ৩৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন; পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। এই ইউনিটে ১ হাজার ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিজ্ঞান ইউনিটে ১ লাখ ৯ হাজার ৩৬৩ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন করেছেন ৯ হাজার ৭২৩ জন; পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। এই ইউনিটে ১ হাজার ৮৫১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
চারুকলা ইউনিটে ৪ হাজার ৫১০ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ৫৩০ জন, পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। এই ইউনিটে ১৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।