রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক পথচারী, গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষদের ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা জনাব ইব্রাহিম হোসেন মুন। তিনি বলেন, "পাবনাবাসী সবসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে সচেষ্ট ছিল এবং আগামীতে থাকবে। এছাড়াও পাবনাবাসী সবসময় অসহায়, বঞ্চিত মানুষের পাশে ছিল এবং থাকবে।"
পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সভাপতিত্ব করেন আব্দুল কাদের। এসময় জেলা সমিতির সাধারণ সম্পাদক মো: শামিম হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম জয় ও সাবেক সাধারণ সম্পাদক মনির রুহানিসহ দেড় শতাধিক শিক্ষার্থী।