রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা এক অসুস্থ শিক্ষার্থীকে প্রাণে বাচিয়েছে শাখা ছাত্রলীগের 'জয় বাংলা' বাইক সার্ভিস। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মোঃ রাইসুল ইসলাম। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা পাবনায়।
অন্যদিকে, বাইক সার্ভিসে থাকা ছাত্রলীগ নেতার নাম মোঃ প্রিন্স হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
এবিষয়ে ছাত্রলীগ নেতা প্রিন্স বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মোটরসাইকেলে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী নিয়ে কৃষি অনুষদ পরীক্ষা কেদ্রের দিকে যাচ্ছিলাম। এমতাবস্থায়, বোটানিক্যাল গার্ডেনের পাশে পরীক্ষা দিতে আসা এক ছেলেকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। কৃষি অনুষদে পরীক্ষা দিতে যাওয়া ছেলেটিকে নামিয়ে দিয়ে আমি অসুস্থ ছেলেটিকে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিয়ে যাই। জয় বাংলা বাইক সার্ভিস থাকার কারনে আমি অসুস্থ পরীক্ষার্থীকে সুস্থ করতে পেরেছি।
অসুস্থ পরীক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, আমি পরীক্ষা শেষে কক্ষ থেকে বের হয়ে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন রাস্তায় আসি। আমার আগে থেকেই শ্বাসকষ্ট ছিলো। গার্ডেনের পাশের রাস্তায় অনেক ধুলোবালি এবং মানুষের ভীড় থাকায় শ্বাসকষ্ট বেড়ে যায়। আমার অবস্থা আরো বেশি খারাপ হচ্ছিলো। এটা দেখে ছাত্রলীগের প্রিন্স ভাই আমাকে হাসপাতালে নিয়ে আসেন। এখন আমি সুস্থ আছি।
উল্লেখ্য, এবছর ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে রাবি শাখা ছাত্রলীগের উদ্যোগে 'জয় বাংলা' বাইক সার্ভিস চালু করা হয়েছে।