বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলগুলোতে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী ও বহিরাগত কোনো ব্যক্তির অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফয়সাল মাহমুদ রুমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ২৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া উপস্থিত সকল হল প্রভোস্টদের এ বিষয়ে সর্বাত্মক সতর্কতা মেনে চলার নির্দেশনা দেন। তাছাড়া আবাসিক হলগুলোতে এ ধরনের কোনো শিক্ষার্থী বা বহিরাগত অবস্থান করলে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ বিষয়ে উপাচার্য বলেন, ‘এখন থেকে কোনো অবস্থাতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া কোনো শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।